রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০
আসছে নতুন বছরের প্রথম অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তার খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।
বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের সংক্ষিপ্ত ও বিস্তারিত দুই সংস্করণে অনুমোদন দেওয়া হয়েছে। ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি ও সামষ্টিক অর্থনৈতিক চিত্র, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত পদক্ষেপ ও সাফল্য, রূপকল্প-২০২১ বাস্তবায়নে গৃহীত কর্মসূচি ও রূপকল্প-২০৪১ প্রণয়ন, দেশে-বিদেশে কর্মসংস্থান এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

এছাড়া সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রসার, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অজির্ত সাফল্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও এজন্য গৃহীত কর্মসূচি ছাড়াও প্রশাসনিক নীতি, কৌশল, উন্নয়ন দর্শন ও অগ্রযাত্রার দিক-নির্দেশনাকে ভাষণে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

