সংকটাপন্ন বিএনপি ইসিকে প্রশ্নবিদ্ধ করতে চায়: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৪৪
বিএনপিতে এখন চতুর্মুখী সংকট চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটি বার বার আন্দোলনের ঘোষণা দিয়েও আন্দোলন করতে পারেনি। একদিকে তারা অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চলছে। অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে তারা। সবক্ষেত্রে ব্যর্থ হয়ে দলটি এখন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠে নেমেছে।
সোমবার (২১ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এখন তারা (বিএনপি) অপপ্রচার শুরু করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নানা অনিয়ম অসদাচরণের অভিযোগ এনে বিএনপি মূলত নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। তাদের এই অপচেষ্টাও হালে পানি পাবে না। কেননা জনগণ তাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে। উপনির্বাচনে প্রচারণা না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, ভোট কেন্দ্রে না এসে ভোটের দিন হঠাৎ করে দুপুর বেলায় নির্বাচন প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার এই অপকৌশল এরই মধ্যে মরচে ধরে গেছে, ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

