কম টাকায় ডেটা দেবে বাংলালিংক
উত্তরদক্ষিণ | সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৯:৪৫
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সাশ্রয়ী মূল্যে ডেটা দেবে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। করোনাভাইরাস মহামারীর জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলালিংকের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান এবং বাংলালিংকের ইন্টারপ্রাইজ বিজনেসের পরিচালক রুবাইয়াত এ তাজনীন নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় মাসে ১০ জিবি, ১৫ জিবি ও ৩০ জিবির তিনটি প্যাকেজে বাংলালিংকের ডেটা সুবিধা পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা; বিডিরেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা যাবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ মহামারীর মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এগিয়ে আসায় দেশের মোবাইল অপারেটরগুলোকে ধন্যবাদ জানান।

