বিজ্ঞাপনের কোটি কোটি টাকার বাণিজ্য নিয়ে বেকায়দায় সৌরভ

বিজ্ঞাপনের কোটি কোটি টাকার বাণিজ্য নিয়ে বেকায়দায় সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:২৪

বিজ্ঞাপনের কোটি কোটি টাকার বাণিজ্য নিয়ে প্রবল অসন্তোষের মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৪ ডিসেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় একাধিক সদস্য একের পর এক পণ্যের বিজ্ঞাপনে সৌরভের সই করা নিয়ে প্রশ্ন তুলবেন বলে মনে করা হচ্ছে। তবে এই ব্যাপারে সৌরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সূত্রে জানা যায়, দ্বন্দ্বের মূলে রয়েছে একদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) স্পন্সরদের স্বার্থ, অন্যদিকে বিজ্ঞাপনের মডেল হিসেবে সৌরভের কাড়ি কাড়ি টাকা উপার্জন। বোর্ডের কয়েকজন সদস্যদের মূল প্রশ্ন, বিসিসিআই সভাপতির সাম্মানিক পদে থেকে সৌরভ কী করে সেইসব পণ্যের বিজ্ঞাপন করে টাকা কামাচ্ছেন যেগুলি সরাসরি বোর্ডের স্পনসরদের স্বার্থবিরোধী। সৌরভের এই ভূমিকা নিয়ে বোর্ডের একাংশ অত্যন্ত অখুশি। স্পন্সরদের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় শত শত কোটি টাকা। মডেল হয়ে সৌরভও প্রচুর উপার্জন করেন।

সৌরভের ক্ষেত্রে একাধিক স্বার্থের সংঘাতের বিষয় বিস্তারিতভাবে তুলে ধরবেন বোর্ড সদস্যরা। সৌরভকে নিয়ে যে প্রশ্নগুলি উঠবে বলে মনে করা হচ্ছে, সেগুলি হল, বোর্ড সভাপতি হওয়ার পর তিনি কতগুলি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন? এগুলির মধ্যে কতগুলি সরাসরি বোর্ডের স্পনসরদের স্বার্থবিরোধী? যখন বিজ্ঞাপনে খোদ বোর্ড সভাপতি একটি ফ্যান্টাসি লিগের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ক্রিকেটপ্রেমীদের কাছে আর্জি জানাচ্ছেন, তখন বোর্ডের ভাবমূর্তির পক্ষে সেটা কি খুব ভাল? বোর্ডের সাম্মানিক পদে থেকে কেউ বিসিসিআই-এর নিজের স্পনসর বা বিরোধী স্পনসরদের বিজ্ঞাপন করবেন, বিসিসিআই-এর সংবিধান কি এর অনুমতি দিচ্ছে? ২৪ ডিসেম্বর আমদাবাদে বার্ষিক সাধারণ সভায় অন্তত ১২ জন বোর্ডসদস্য এই প্রশ্নগুলি তুলতে পারেন। এই নিয়েই তোলপাড় হতে পারে সভা। বোর্ডের সদস্যদের প্রশ্ন, এটা কি স্বার্থের সংঘাত নয়? এরকম অজস্র প্রশ্ন এবং উদাহরণ নিয়ে বোর্ড সদস্যরা হাজির হবেন ২৪ তরিখের সভায়।

বিজ্ঞাপন বাণিজ্যের কোটি কোটি টাকা নিয়ে এই দ্বন্দ্ব কতদূর গড়ায় সেটা সময় বলে দেবে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading