৭ দিনের মধ্যে পাপুলের স্ত্রী-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:২৫
কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন জানান, গত ১০ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের পর তারা নিম্ন আদালতে গেলে সেটি আদালতের ছুটি চলার সময় নাকি অবকাশের পরে হবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরপর আত্মসমর্পণের নতুন তারিখ নির্ধারণ করার জন্য মঙ্গলবার (২২ ডিসেম্বর) তারা দুইজন হাইকোর্টে আসেন।
ওই বিষয়ে আদালতকে জানানোর পর তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট। ওইদিন (১০ ডিসেম্বর) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে আত্মসমর্পণের সঙ্গে পাপুলের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ প্রতীয়মান হয়নি- মর্মে প্রতিবেদন দেয়ায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আরেফিন আহসান মিঞাকেও তলব করেন আদালত। আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন।
প্রসঙ্গত, অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন পাপুল।

