৮ দল নিয়েই হতে যাচ্ছে আইপিএল
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০৮
আইপিএলে দল বাড়ার কথা থাকলেও ২০২১ সালের সম্ভবত ৮ দল নিয়েই হচ্ছে। ২০২২ সালের আইপিএলে নতুন দুটি দল আনা হবে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড মনে করছে, এখনই আইপিএলে দল বাড়ালে সেটা তাড়াহুড়ো করা হবে। ২০২১ সালের আইপিএলের আগে এখন সাড়ে তিন মাসও সময় নেই। ২৪ ডিসেম্বর আমদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
যদিও তিন সপ্তাহ আগের বার্ষিক সাধারণ সভার অ্যাজেন্ডায় দুই নতুন ফ্র্যাঞ্চাইজির আইপিএলে যুক্ত হওয়ার কথা ছিল।
বোর্ড সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলে দরপত্র চাওয়া হতে পারে। ২০২১ সালের আইপিএলে নতুন দল না এলে বড় করে নিলাম আয়োজনেরও দরকার নেই বোর্ডের। আইপিএলের টাইটেল রাইটস বিক্রি করার জন্য যথেষ্ট সময়ও পাওয়া যাবে। মিডিয়া রাইটস টেন্ডারও ডাকা যাবে ২০২১ অক্টোবরের পর। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি সেক্ষেত্রে মিডিয়া রাইটস থেকে নিজেদের ভাগ পেতে পারবে।

