নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা আমেরিকান বিশেষজ্ঞের
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৯
ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস এরইমধ্যে আমেরিকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, ভাইরাসটি যুক্তরাষ্ট্রে থাকলেও তিনি অবাক হবেন না।
২১ ডিসেম্বর পিবিএস নিউজ আওয়ার-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন আমেরিকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের এই পরিচালক।
তিনি বলেন, আপনাকে এটি আমেরিকায় নতুন স্ট্রেইনের করোনার উপস্থিতি) অনুমান করতে হবে। আপনি যখন দেখছেন যে, ব্রিটেনের মতো জায়গায় এ স্ট্রেইন বেশ ছড়িয়ে পড়েছে, দক্ষিণ আফ্রিকাতেও আমরা ভাইরাসটির এমন রূপান্তর দেখতে পাচ্ছি। এরইমধ্যে যদি এটি আমেরিকায়ও থাকে তাহলেও আমি অবাক হবো না।
ড. অ্যান্থনি ফাউচি বলেন, আমরা যখন খুঁজতে শুরু করবো, তখন আমরাও এটি খুঁজে পাবো।
তিনি বলেন, নভেল করোনাভাইরাস যেহেতু একটি আরএনএ ভাইরাস সেহেতু এটির প্রচুর রূপান্তর ঘটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এসব রূপান্তরের তেমন কোনও কার্যকারিতা থাকে না।
উল্লেখ্য, ব্রিটেনে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সত্যিকারের উদ্বেগের কারণ হিসেবে হাজির হলেও এখন পর্যন্ত ওই পরিবর্তিত ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন কার্যকর রয়েছে। তবে বৈশিষ্ট্যে আরও পরিবর্তন আসলে ভ্যাকসিন কার্যকারিতা হারাতে পারে; এমন আশঙ্কা এড়িয়ে যাওয়া যাচ্ছে না।

