অ্যান্টার্কটিকাতেও পৌঁছে গেছে করোনা
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:১৭
করোনা ভাইরাস পৃথিবীর দক্ষিণতম মহাদেশেও পৌঁছে গেছে। অ্যান্টার্কটিকা ছিল একমাত্র মহাদেশ যা এতদিন করোনা মুক্ত ছিল।
ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, চিলির একটি রিসার্চ সেন্টার মারফৎ জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৬ জন।
সোমবার (২১ ডিসেম্বর) অ্যান্টার্কটিকার চিলির গবেষণা কেন্দ্র খবর জানিয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন সেনাবাহিনীর ও ১০ জন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকতেন। চিলির সেনাবাহিনী জানিয়েছে, তারা সংক্রামিত সমস্ত সেনাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে।
উল্লেখ্য, করোনার হাত থেকে মুক্তি পেতে পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছিল অ্যান্টার্কটিকা। তবুও রেহাই মিলল না এই মহাদেশের। মনে করা হচ্ছে, ২৭ নভেম্বর চিলি থেকে কিছু জিনিস অ্যান্টার্কটিকায় পাঠানো হয়েছিল। এর জেরেই ছড়ায় সংক্রমণ।
অ্যান্টার্কটিকায় জিনিস নামানোর পরে ওই জাহাজে করে সকল সদস্যরা ফিরে এসেছিল। এর কয়েক সপ্তাহ পরে কিছু ক্রু সদস্যদের দেহে ভাইরাসের দেখা মেলে।
চিলির সেনাবাহিনী জানিয়েছে, সরবরাহ করার আগে সমস্ত যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে রিপোর্ট ছিল নেগেটিভ।
অ্যান্টার্কটিকাতে অনেক দেশের গবেষণা ঘাঁটি রয়েছে। যাতে সেসব জায়গায় করোনা না ছড়িয়ে পড়তে পারে তাই যারা সেখানে থাকে সেখানে অন্য লোকেদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

