চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চরমোনাই পীরের
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩৫
চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘আগে থেকে আখ চাষিদের সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনিকল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছেন। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এ ধরনের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে। চিনিকলগুলোকে ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে।’
আন্দোলনে সমর্থন ব্যক্ত করে মুফতি রেজাউল বলেন, ‘র্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনও সমাধান নয়। আখ মাড়াই ও চিনি উৎপাদনের মৌসুম শুরু হয়েছে। এমনই একটি মুহূর্তে এই ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকার যদি এই সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে হাজার হাজার শ্রমিক তাদের কর্ম হারিয়ে রাস্তায় বসবেন। সরকারের প্রতি আহ্বান, কীভাবে চিনিকলগুলো লোকসানের হাত থেকে রক্ষা করা যায়, তার জন্য পদক্ষেপ নিন। বন্ধ চিনিকলের আশপাশের আখ চাষিদের বড় ধরনের লোকসান হবে। চাষিদের লোকসানের হাত থেকে বাঁচানো রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

