ডিসি সম্মেলন ফের স্থগিত
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০
করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি বছরের ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন আগামী বছরের শুরুতে করার কথা থাকলেও ফের তা স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে জেলা প্রশাসক সম্মেলন স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আজই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে চিঠি ইস্যু করা হবে। একইসঙ্গে এ বছরের পুলিশ সপ্তাহ স্থগিত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন পিছিয়ে ২০২১ সালের ৫ জানুয়ারি নেওয়া হয়। ৩ দিনের এই ডিসি সম্মেলন ৭ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল। গত বছর (২০১৯) ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হলেও এ বছর তিন দিন করা হয়েছিল। করোনার কারণেই ডিসি সম্মেলনের সময় দুই দিন কমিয়ে আনা হয়।

