অর্থনীতিতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২২:০৫
বাংলাদেশের অর্থনীতি ঠিক জায়গায় আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ভালো অবস্থানে আছে দেশ। আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভালো অবস্থানে। যেটা কেউ চিন্তা করতে পারেনি। আমরা বিশ্বাস করি এ ধারা অব্যাহত থাকবে।’
বুধবার (২৩ ডিসেম্বর) অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি। আমরা ঠিক জায়গায় আছি। আমাদের অর্থনীতি ঠিক জায়গায়, ভালো অবস্থানে আছে। যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেননি তার থেকেও ভালো অবস্থানে আছে আমাদের অর্থনীতি। আমরা বিশ্বাস করি এ ধরা অব্যাহত থাকবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। ২০২০ সাল কদিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি। দেখেন সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনও সব সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এদেশের মানুষের প্রতি।’

