দুষ্ট শক্তি আর পুঁজিবাজারে খেলতে পারবে না: বিএসইসি চেয়ারম্যান
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩১
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রফেসর শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, অনেক দুষ্ট শক্তি পুঁজিবাজার নিয়ে নানা সময় খেলা করেছে। এখন থেকে আর তারা খেলতে পারবে না। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এটা আপনারা ফিল (অনুভব) করবেন। তিনি বলেন, বিএসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দেবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দৈনিক ‘বাণিজ্য প্রতিদিন’র অনলাইন ভার্সনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত “রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যান্ডামিক” শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। বিএসইসি’র অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এসময় বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজার ডিমান্ড-সাপ্লাই (চাহিদা-যোগান) এর উপর নির্ভর করে ওঠানামা করবে। ওঠানামা হবে সাসটেইনেবল (টেকসই)। এর মধ্যে কোনও দুষ্টু শক্তি এসে জন্য ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে যেতে না পারে সেটা আমরা খেয়াল রাখছি।
তিনি বলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) আমাদের সহযোগী প্রতিষ্ঠান যাতে ঠিকভাবে রোল প্লে করতে পারে সেদিকেও আমরা খেয়াল করছি। আর একটু সময়ের ব্যাপার, তারপর আপনারাও বুঝতে পারবেন এই ক্যাপিটাল মার্কেটে সাসটেইনেবলিটি খুব বেশি দূরে নেই।… সেটার জন্য খুব বেশি সময় লাগবে না। আশা করি তিন থেকে ছয় মাসের মধ্যে আপনারা এটা ফিল করবেন, বড় বড় শক্তি এসে যদি এখানে খেলতে চায় সেটা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব।
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, আমরা অনেকগুলো আইপিও দিয়েছি। কিন্তু তার কোনও নেতিবাচক প্রভাব পড়তে দেখিনি। বরং আইপিওর মাধ্যমে ব্যবসায়ীদের পুঁজির যোগান হচ্ছে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে উদ্যোক্তারা বেনিফিটেড হচ্ছেন। মার্কেট বেনিফিটেড হচ্ছে। মার্কেটের গভীরতা বাড়ছে। জনগণ যারা আইপিও করছেন তারাও লাভবান হচ্ছেন। সবমিলিয়ে আমরা একটি উইন উইন অবস্থা দেখতে পাচ্ছি। যদি কখনো দেখি এখানে (আইপিও) আমাদের একটু স্লো করা উচিত এবং এখানে ইন্টারভেন করা উচিত, সেটাও আমরা করব।
তিনি আরও বলেন, প্রথমদিকে আমাদের সেকেন্ডারি মার্কেটে নজর দিতে হয়েছে। এখন প্রাইমারি মার্কেট, ডেরিভিটিভ মার্কেট নিয়ে কাজ করতে হচ্ছে। আজ থেকে রবির শেয়ার লেনদেন শুরু হয়েছে। রবি আসায় আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টার মধ্যে ৮’শ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। আমরা আশা করছি আজ থেকে বাজার একটু ভালোর দিকে দিকে যাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও কমিশনার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম। প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি মানোয়ার হোসাইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মনির হোসেন। সেমিনার শেষে পত্রিকার অনলাইনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিএসইসি চেয়ারম্যান। সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার।

