রাজনৈতিক আইসোলেশনে আছে বিএনপি: ওবায়দুল কাদের

রাজনৈতিক আইসোলেশনে আছে বিএনপি: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৫০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। দলটি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনও উন্নয়ন দেখতে পায় না।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সেতুমন্ত্রী সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি এগিয়ে যাওয়া নিয়ে যখন বিশ্বব্যাপী প্রশংসা চলছে তখন বিএনপি প্রকাশ করেছে সংশয়, যা তাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ।’

বিএনপি নেতাদের “সরকার নিজেরাই রোল মডেল বলছে” বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, ‘বিএনপি এখন কূলহারা নৌকার মাঝি আর পথহারা পথিকের মতো। তারা সরকারের অর্জনে চরম পরশ্রীকাতর।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিএনপি মহাসচিব চিরাচরিত শব্দ চয়নে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। যাকে সমালোচনা না বলে প্রতিহিংসা ও মিথ্যাচার বলা যায়।

বিএনপি নেতাদের “করোনা সংক্রমণের শুরু থেকে সরকার একেবারেই ভ্রুক্ষেপহীন” বক্তব্যে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ যখন মহামারি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে, তখন শেখ হাসিনার মানবিক ও সাহসী নেতৃত্বে একদিকে সংক্রমণ রোধ ও চিকিৎসা, অপরদিকে জীবন জীবিকার নিরাপত্তা বিধানে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। আসলে বিএনপি চেয়েছিল মানুষ না খেয়ে এবং বিনাচিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে, তা হয়নি বলেই তাদের এত গাত্রদাহ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘২০০৬ -০৭ অর্থবছরে দেশের বাজেট ছিল ৫৪ হাজার ৮শ’ কোটি টাকা। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে তা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। ২০০৬ সালের মূল এডিপি ছিল প্রায় ১৯ হাজার কোটি টাকা, আর এখন ২ লাখ ৫ হাজার কোটি টাকা। তখনকার সময় রিজার্ভ ছিল ৫ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে ৪২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading