এশিয়াটিকা জিতলো অপি করিমের ‘মায়ার জঞ্জাল’
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫২
অপি করিম অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’ইতালিতে বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতলো। ছবিটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। ‘মায়ার জঞ্জাল’-এর মাধ্যমে ১৫ বছর পর বড় পর্দার জন্য কাজ করলেন অপি করিম।
রোমে অনুষ্ঠিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভালের ২১তম আসরের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’র অফিসিয়াল সিলেকশনের ৯টি ছবির মধ্য থেকে এ পুরস্কার জিতে নেয় ইন্ডিয়ার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ছবিটি। এটি প্রযোজনা করেন বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ।
উৎসবটি শুরু হয় গত ১৮ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এশিয়ান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপীয় উৎসবটি। করোনা মহামারির কারণে এ বছর অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হয় আমন্ত্রিত ছবিগুলো।
এই প্রাপ্তি প্রসঙ্গে জসীম আহমেদ বলেন, ‘যেকোনও প্রাপ্তিই আনন্দের। ছবিটি এর আগেও বিশ্বের বিভিন্ন উৎসব থেকে আমাদের জন্য আনন্দ বয়ে এনেছে। তবে এবারের আনন্দটা সবচেয়ে বেশি। কারণ, এটি বিজ্ঞ বিচারকরা সেরা এশিয়ান ছবি হিসেবে নির্বাচন করেছেন।’
জসীম জানান, নতুন বছরে ছবিটি বাংলাদেশ ও ইন্ডিয়ার প্রেক্ষাগৃহে মুক্তির ব্যবস্থা করবেন।
এর আগে ‘মায়ার জঞ্জাল’ সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। সাংহাই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেও মহামারির কারণে এবারের আসরটি বাদ দেয়া হয়।

