মোহামেডানকে হারিয়েই খুশি আবাহনী কোচ
উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০০
আবাহনী-মোহামেডান ম্যাচ বলে কথা। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে-প্রত্যাশা এমনই ছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু আবাহনী খুব সহজেই ৩-০ গোলের বড় ব্যবধানে জিতে যায়!
ম্যাচটা কার্যত শেষ হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। যখন আবাহনী ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে স্কোরলাইনকে মোহামেডানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় আবাহনী। উইঙ্গার জুয়েল রানা জোড়া গোল করেন।
অন্য গোলটি আফগানিস্তানের মাসিহ সাইগানির। তবে মোহামেডানের গোল খাওয়ার ধরনটাই সমর্থকদের সবচেয়ে বেশি হতাশ করে। আবাহনী ডিফেন্ডার রায়হান হাসানের তিনটি জোরালো লম্বা থ্রোয়েই এলোমেলো হয়ে গিয়েছিল মোহামেডানের রক্ষণ।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস প্রায় নিশ্চিত ছিলেন জয়ের ব্যাপারে। জাতীয় দলের পাঁচ ফুটবলার, সেই সঙ্গে ব্রাজিল, হাইতি আর আফগানিস্তানের তিন উঁচুমানের ফুটবলার। অন্যদিকে মোহামেডান ছিল অনভিজ্ঞ খেলোয়াড়ে ঠাসা, বিদেশি খেলোয়াড়েরাও খুব আহামরি ছিলনা।
লেমোস ম্যাচ শেষে বলেন, ‘মোহামেডান আমাদের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি। জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। তবে ভেবেছিলাম, সেটি আসবে লড়াইয়ের পরই। জয়ের এমন ব্যবধান আশা করিনি, এটা সত্যি।’
লেমোসের অধীনেই করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া সবশেষ লড়াইয়ে মোহামেডান ৪-০ গোলে হেরেছিল আবাহনীর কাছে।

