গ্রেপ্তার পরিচালক ও অভিনেতা, নায়িকা স্পর্শিয়াকে খুঁজছে পুলিশ
উত্তরদক্ষিণ | শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১২:১০
‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের একটি দৃশ্যে পুলিশকে হেয় করে সংলাপ উপস্থাপন করার অভিযোগে চলচ্চিত্রটির পরিচালক ও এক অভিনেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশকে হেয় করার অভিযোগে এবং পর্নোগ্রাফি আইন মামলায় চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তারের পর ২৫ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলাটি করেছে ঢাকায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
পুলিশ জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক নাসিরুল আমিন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা (নম্বর ২১) দায়ের করেন। ওই মামলায় পরিচালক অনন্য মামুন, অভিনেতা শাহীন মৃধা ও চলচ্চিত্র নায়িকা স্পর্শিয়াসহ তিন জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরেক আসামি চলচ্চিত্র নায়িকা স্পর্শিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, সদ্য মুক্তি পাওয়া নবাব এল এলবি নামের চলচ্চিত্রে ধর্ষণের শিকার একজন নারীকে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি দৃশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, যা পর্নোগ্রাফি আইনে অপরাধ বলে তারা মনে করেন।
চলচ্চিত্রটির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
“নবাব এলএলবি” চলচ্চিত্রটির অর্ধেক অংশ আই থিয়েটার নামের একটি অ্যাপে মুক্তি দেয়া হয়েছে গত ১৬ই ডিসেম্বর।
এরপর পর্নোগ্রাফি আইনে মামলায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহীন মৃধাকে ঢাকায় তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার (২৫ ডিসেম্বর )দুপুরে তাদের ঢাকায় হাকিমের আদালতে হাজির করে পুলিশ কারাগারে আটক রাখার আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী ডিবি পুলিশের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন এবং পুলিশের এসআই এর অভিনয় করা শাহীন মৃধাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
সেজন্য তাদের দু’জনকেই গ্রেপ্তার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ সম্পর্কে চলচ্চিত্রটির প্রযোজক বা সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

