মিসরের করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৭
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫৫
মিসরের রাজধানী কায়রোর এক হাসপাতালে শনিবার (২৬ ডিসেম্বর) বড় ধরনের আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হাসপাতালটিতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
স্থানীয় বিভিন্ন সূত্র ও সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত মিছর আল আমাল হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অপর একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাসে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার নতুন করে ১ হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মিসরে আক্রান্ত হলেন ১ লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৭ হাজার ৩৫২ জন।

