৯ মাস পর স্বাস্থ্যের সংসদীয় কমিটি বসছে
উত্তরদক্ষিণ | রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২১:০০
দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর দ্বিতীয়বারের মত বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সচিব সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়াল ৩০ ডিসেম্বর এই বৈঠকের সময় রেখে নোটিস পাঠিয়েছেন। দেশে মহামারীর সর্বশেষে পরিস্থিতি এবং গত এক বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্রয় নিয়ে আলোচনার সূচি রাখা হয়েছে সেখানে।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল ২৪ মার্চ। তার দুদিন পর দেশে লকডাউনের বিধিনিষেধ জারি হয়, সরকারের ভাষায় যা ছিল ‘সাধারণ ছুটি’।
ওই সময় মে মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি একটি বৈঠক করেছিল। জুন মাসে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ছাড়া আর কোনো কমিটি বৈঠক করেনি।

