বিজেপিতে যোগ দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি!
উত্তরদক্ষিণ | সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ২০:২০
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন – এমন আলোচনায় মুখর পশ্চিমবঙ্গ।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কলকাতার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন সৌরভ। সেখানে প্রায় দুই ঘণ্টা তাদের মধ্যে বৈঠক চলে। ওই বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এই আলোচনা আরও জোরাল হয়।
তবে, বৈঠক থেকে বেরিয়ে সৌরভ গাঙ্গুলি অপেক্ষমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনো কিছু আগাম ভেবে না নেওয়াই ভালো। রাজ্যপালের সঙ্গে এটি ছিল নেহাতই সৌজন্য সাক্ষাৎ। রাজ্যপাল নিজেই ইডেন গার্ডেন্সে গিয়ে তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ দফায় তিনি নিজেই এসে রাজভবনে তার সঙ্গে দেখা করলেন।

