ক্রিকেট থেকে রাজনীতিতে সৌরভের দাদাগিরি!
বিশেষ প্রতিবেদন | উত্তরদক্ষিণ
মুদ্রিত সংস্করণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০০:০১
আগামী বছরের এপ্রিল/মে’তে অনুষ্ঠেয় বিধান সভার নির্বাচন নিয়ে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। সর্বশেষ তাজা খবর হচ্ছে খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির রাজনীতি তথা বিজেপিতে যোগদান নিয়ে। এ নিয়ে উত্তরদক্ষিণের বিশেষ প্রতিবেদন
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র ‘মিশন পশ্চিম-বঙ্গ’ নিয়ে সেদেশের রাজনীতি এখন সরগরম। কলকাতাসহ পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রামে আলোচনার তুঙ্গে এখন আগামী বছরের এপ্রিল/মে’তে অনুষ্ঠেয় বিধান সভার নির্বাচন। শীতের আবহাওয়ার মাঝে দমকা গরম বাতাসের মত ছড়িয়ে পড়েছে কলকাতার যুবরাজ সৌরভ গাঙ্গুলির রাজনীতিতে যোগদান করা না-করা নিয়ে। বিশেষভাবে বিজেপিতে যোগদান নিয়ে। অনেকের ধারণা সেক্ষেত্রে সৌরভ আগামীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অন্যতম দাবিদার হতে পারেন। তবে সৌরভ রাজনীতিতে যোগদান করলেও তিনি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন না এটা নিশ্চিত। কয়েক মাস আগে তিনি গাঙ্গুলী এডুকেশন ও ওয়েলফেয়ার সোসাইটি গড়ার জন্য সৌরভ কলকাতার সল্টলেকের নিউটাউনে পেয়েছিলেন দুই একর জমি। মুখ্যমন্ত্রী মমতার রাজ্য সরকারের পক্ষ থেকে এই জমি দেওয়া হয়। সেই জমি তিনি ফিরিয়ে দিয়েছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হঠিয়ে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। পশ্চিম্ববঙ্গের ক্ষমতার কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর ‘নীলবাড়ি’ দখলের লক্ষ্যে বিজেপি নেতা ও ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই সেনাপতির ভূমিকায় বাংলার ময়দানে নেমে পড়েছেন।
এবার কি রাজনীতিতেও ‘দাদাগিরি’ দেখা যাবে? তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে। তা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করলেন না ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতে গুঞ্জন থেমে গেল না, ক্রমাগত বাড়ছে।
সর্বশেষ রবিবার (২৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত্ করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই’য়ের বর্তমান সভাপতি সৌরভ। এই দেখা করাকে সৌরভ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করলেও এর সঙ্গে বিজেপি-যোগ নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সৌরভের সোমবার (২৮ ডিসেম্বর) একই মঞ্চে দেখা হয়েছে দিল্লির ফিরোজ শাহ কোটলায় অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-র উদ্যোগে সোমবার ওই অনুষ্ঠান হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি দীর্ঘদিন ডিডিসিএ-র চেয়ারম্যান পদে ছিলেন। এবার প্রয়াত জেটলির একটি মূর্তি স্থাপন করা হলো ফিরোজ শা কোটলায়। সেই মূর্তি উন্মোচন অনুষ্ঠানেই হাজির অমিত শাহ। ডিডিসিএ সূত্রে খবর, সেই অনুষ্ঠানে থাকার কথা সৌরভের। এ ছাড়াও থাকতে পারেন ভারতীয় দলের দুই প্রাক্তন ক্রিকেটার বীরন্দ্র সহবাগ ও গৌতম গম্ভীর। প্রসঙ্গত, গম্ভীরের আরও একটি পরিচয় হল তিনি পূর্ব দিল্লি আসন থেকে জয়ী বিজেপি সাংসদ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনায় বারবার উঠে আসছে সৌরভের নাম। কলকাতার দাদা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন বলে জল্পনাও দীর্ঘদিনের। রাজ্য সফরে এসে সৌরভের নাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখেও পড়েন অমিত শাহ। তেমন সম্ভাবনার কথা একেবারে নাকচ না করে দিয়ে অমিত উত্তরে বলেছিলেন, “আরও অনেক নাম রয়েছে। তালিকা অনেক লম্বা।” বিশেষভাবে সদ্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদানকারী শুভেব্দু অধিকারীও মুখ্যমনত্রীর আরেকজন দাবিদার। রাজ্যপাল ধনখড়-সৌরভ সাক্ষাতের পরে ‘জল্পনা না করার কথা’ সোরভ বললেও অয়ালোচনা থেমে নেই। গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে। সেটা আরও বেড়ে গেল সোমবারের (২৮ ডিসেম্বর) ‘শাহী-সাক্ষাতে’। সেখানে অমিতের সঙ্গে সৌরভের রাজনৈতিক কথাও হতে পারে বলে গুঞ্জন। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, টেলিফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও এ বিষয়ে সাড়া দেননি সৌরভ। রাজনীতিতে যোগ দেবেন কি না, সেটা তিনি কখনও স্পষ্ট করেননি।
এবার মহারাজের ৪৮তম জন্মদিনে সৌরভের স্ত্রী ডোনার ইঙ্গিতবহ মন্তব্যে সেই জল্পনার হাওয়া আরও জোর হয়। তারপর দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ডোনা। তাতে আরও বেড়েছিল জল্পনা। এক প্রশ্নের জবাবে সেই সময় ডোনা জানিয়েছিলেন, সৌরভ যে পিচেই খেলেন, সেখানেই টপে থাকেন। রাজনীতিতে যোগ দিলে সেখানেও সৌরভ ‘টপে’ থাকবেন। ক্রিকেটের ময়দানে অধিনায়ক সৌরভ ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (পশ্চিমবঙ্গ) বা সিএবির সভাপতি। এখন তিনি আবার এখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি। তার সঙ্গে বিসিসিআইয়ের সচিব হচ্ছেন ইন্ডিয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা অমিত শাহর পুত্র জয় শাহ। তাদের মধ্যে সু-সম্পর্ক সকলের জানা। সৌরভের সাম্প্রতিক কর্মকান্ডও রাজনীতি ও বিজেপিমুখী। এসব সমীকরণ ও কলকাতার রাজনীতির হাওয়া এখন রাজনীতিতে সৌরভের ‘দাদাগিরি’ দেখার অপেক্ষায়। তথ্য সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা, নিউজ১৮, হিন্দুস্থান টাইমস।

