ক্ষোভের মুখে সরানো হলো ‘কমান্ডো’র টিজার
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩০
কলকাতার দেব অভিনীত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার সমালোচনা ও ক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের এই সুপারস্টার ও সাংসদ চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
দেবের জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’-এ ছবির টিজারটি মুক্তি দেওয়া হয়েছিল।
ইসলাম অবমাননার অভিযোগের মুখে সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান।
অন্যদিকে, ‘কমান্ডো’র টিজার সরিয়ে নেওয়া প্রসঙ্গে রনি বলেন, ‘‘আমি ও আমার প্রযোজক মুসলিম। ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি এবং আমার টিম দুঃখ ও ক্ষমা চাইছি। তাদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ‘কমান্ডো র টিজারটি রিমুভ করে দিচ্ছি।’’
তিনি জানান, শিগগিরই নতুন টিজার প্রকাশ করবেন তারা।
উল্লেখ্য, ‘কমান্ডো’র প্রথম টিজার প্রকাশের পরপরই অনেকে সিনেমাটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রয়াস বলে মনে করছেন।

