বার্সাকে রুখে দিল কাম্প নউয়ে

বার্সাকে রুখে দিল কাম্প নউয়ে

উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৪০

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আক্রমণভাগে ভুগতে হলো বার্সেলোনাকে। সেই সুযোগে লা লিগা পরাশক্তিদের মাঠ থেকে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে ফিরল এইবার।

কাম্প নউয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিকে গার্সিয়ার গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন উসমান দেম্বেলে।

দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও বার্সেলোনার পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। চোট কাটিয়ে ফেরা দেম্বেলে বদলি নেমে আশা জাগালেন বটে, কিন্তু তিন পয়েন্টের জন্য তা যথেষ্ট হলো না।

ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা। এর আগের হোম ম্যাচে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করেছিল কাতালান ক্লাবটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু লক্ষ্যভ্রষ্ট স্পট কিকে হতাশ করেন ব্রাথওয়েট। ডি-বক্সে রোনালদ আরাহোকে এইবারের ডিফেন্ডার পেদ্রো বিগাস ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

২৫তম মিনিটে দারুণ এক আক্রমণে জালে বল পাঠিয়েছিলেন ব্রাথওয়েট। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বল দখলে একচেটিয়া আধিপত্য করলেও বিরতির আগে আর কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে চেষ্টা করে এইবার, প্রথমার্ধে ছয়টি শটও নেয় তারা। যদিও প্রতিপক্ষ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে ভাবাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সের্জিনো দেস্তের বদলি নামা দেম্বেলে ছয় মিনিটের ব্যবধানে দুটি দারুণ সুযোগ হারান। ৫০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সময় নষ্ট করে পরে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। নষ্ট হওয়া দ্বিতীয় সুযোগটি আরও হতাশার; পেদ্রির দারুণ পাস ধরে ওয়ান-অন-ওয়ানে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শট পা বাড়িয়ে ঠেকান গোলরক্ষক।

এরপরই নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। মাঝমাঠের কাছে আরাহোর অমার্জনীয় ভুলে বল ধরে অনেকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গার্সিয়া।

৬৭তম মিনিটে স্বস্তি ফেরে বার্সেলোনা শিবিরে। বাঁ দিক থেকে জুনিয়র ফিরপোর পাস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে সমতা টানেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে এটা তার পঞ্চম গোল।

৭১তম মিনিটে এগিয়েও যেতে পারতো বার্সেলোনা। ডান দিক থেকে দেম্বেলের ক্রসে পাঞ্চ করার চেষ্টা করেন গোলরক্ষক দিমিত্রোভিচ। বল ছুটে আসা ব্রাথওয়েটের গায়ে লেগে জালে ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় সফরকারীরা।

শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল তারা। বদলি নামা ফিলিপে কৌতিনিয়োর ৮৫তম মিনিটের ফ্লিক প্রতিহত হওয়ার পর তার পাস থেকেই ডি-বক্সে অরক্ষিত পেদ্রি উড়িয়ে মেরে হতাশ করেন।

আরেক বদলি ত্রিনকাও যোগ করা সময়ে ভালো একটি সুযোগ নষ্ট করলে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে মৌসুমের শুরু থেকে লিগে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা।
এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। ১৫ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা।

১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে দুই ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ।

১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। দিনের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারানো সেভিয়া সমান ২৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে। ১৪ ম্যাচ খেলেছে তারা।

১৬ ম্যাচ খেলা ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠেছে এইবার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading