সপ্তম দফায় কৃষক নেতাদের সাথে মোদী সরকারের বৈঠক
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১০:০৫
বুধবার (৩০ ডিসেম্বর) মোদী সরকারের সাথে সপ্তম দফার বৈঠকে বসতে যাচ্ছে কৃষক নেতারা। তার আগে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করে দেন কৃষক নেতারা।
কৃষক নেতারা মঙ্গলবার (২৯ ডিসেম্বর) কেন্দ্রকে চিঠিতে জানিয়ে দেন, নির্দিষ্ট চারটি বিষয়ে কথা বলতে যাচ্ছেন তারা। যার মধ্যে প্রথমটিই হল, তিন কৃষি আইন রদ করার প্রক্রিয়া। কী ভাবে সেই কাজ করা হবে, তা নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসছেন তারা।
সঙ্গে বাকি তিনটি বিষয় হল, ফসলের ন্যূনতম দাম বা এমএসপি-র আইনি গ্যারান্টি, দিল্লির দূষণ রুখতে খড় পোড়ানোর জন্য চাষিদের বিরুদ্ধে কড়া শাস্তির আইনে সংশোধন এবং বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহার।
কৃষক নেতারা কৃষিসচিব সঞ্জয় আগরওয়ালকে চিঠিতে জানিয়েছেন, প্রাসঙ্গিক বিষয়ের যুক্তিপূর্ণ সমাধানের জন্য এই আলোচ্যসূচি অনুযায়ী কথা বলা জরুরি।
সোমবার (২৮ ডিসেম্বর) কৃষক সংগঠনগুলিকে চিঠি দিয়ে ৩০ ডিসেম্বর বৈঠক হবে বলে জানিয়েছিলেন কৃষিসচিব। কিন্তু কৃষক নেতাদের ঠিক করে দেওয়া আলোচ্যসূচি মেনেই যে আলোচনা হবে, এমন প্রতিশ্রুতি দেননি।
কৃষক সংগঠনগুলি অবশ্য ফের স্পষ্ট করে দিয়েছে যে, তারা আইন নিয়ে দর কষাকষি চায় না। কথা বলতে চায় শুধু তা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে। সচিবকে পাঠানো চিঠিতে কৃষক নেতারা লিখেছেন, ‘আপনাকে মনে করিয়ে দিচ্ছি যে, আমরা শেষ চিঠিতে উল্লিখিত চারটি বিষয়ে কথা বলতেই বৈঠকে আসছি।’’
কৃষক সভার নেতা হান্নান মোল্লার মন্তব্য, ‘‘সমাধানের আশাতেই বৈঠকে যাচ্ছি। কিন্তু তেমনি সব থেকে খারাপ পরিণামের জন্যও তৈরি থাকছি।’’
যে ৪০টি সংগঠনের নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের মধ্যে পঞ্জাবের কিসান মজদুর সংঘর্ষ কমিটি বুধবারের আলোচনায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই সংগঠনের নেতাদের বক্তব্য, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষি আইনের পক্ষে সওয়াল করছেন। তা থেকেই স্পষ্ট, সরকার কৃষকদের কথা কানে তুলতে রাজি নয়।

