সাকিবের অনুপ্রেরণায় হচ্ছে ক্রিকেট একাডেমি
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫০
সাকিব আল হাসানের অনুপ্রেরণায় মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর তৈরি করছেন ‘মাস্কো-সাকিব ক্রিকেট একাডেমি’নামের আন্তর্জাতিক মানের ক্রিকেট একাডেমির কাজ। নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন এলাকায় ১৬ বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে একাডেমিটি।
২০২১ সালের ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অর্থায়নে থাকা মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুর। বর্তমানে অবকাঠামো নির্মাণসহ মাঠের বিভিন্ন কাজ চলছে দ্রুতগতিতে। নিজে উপস্থিত থেকে প্রতিনিয়ত কাজের তদারকি করছেন তিনি।
এমএ সবুর জানান, তিনি ক্রিকেটপ্রেমী মানুষ। বাংলাদেশের খেলা তো বটেই, সময়-সুযোগ পেলে অন্য দেশের খেলাও মাঠে গিয়ে দেখেন। ক্রিকেটের প্রতি এই ভালোবাসা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথে প্রভাবক হিসেবে কাজ করেছে। এর সঙ্গে সাকিবের অনুপ্রেরণা তো আছেই।
বৃত্ত থেকে ৫৬ মিটার দৈর্ঘ্য-প্রস্থের একাডেমির সবুজ মাঠে থাকবে তিনটি পিচ। মাঠের চারপাশে থাকবে ১৪টি প্র্যাকটিস উইকেট। ইনডোরে প্র্যাকটিস উইকেট পাচঁটি, থাকবে ভার্চুয়াল উইকেটও। আরও আছে আধুনিক দ্বিতল জিমনেসিয়াম, মানসম্পন্ন তিনতলা রেস্টুরেন্ট, স্পোর্টস শপসহ অনেক কিছু।
এগিয়ে চলছে মাস্কো-সাকিব একাডেমির নির্মাণ কাজঅত্যাধুনিক ক্রিকেট একাডেমি নির্মাণে মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এমএ সবুর অবশ্য অর্থ দিয়ে এই কাজ মূল্যায়ন করতে চান না। তিনি বলেন, ‘একাডেমি নির্মাণ করতে টাকা কত লাগছে, সেটাকে প্রধান্য না দিয়ে আধুনিক ও আর্ন্তজাতিক মানসম্পন্ন করতে যা যা করার প্রয়োজন, তা করা হচ্ছে। টাকার অঙ্কে আমি এটির হিসাব করতে চাই না।’
একাডেমিতে অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ৪০ থেকে ৫০ জন ক্রিকেটার ব্যাচ বাই ব্যাচ প্রশিক্ষণ নিতে পারবেন। তাদের থাকার জন্য মাঠের একপাশে নির্মাণ করা হয়েছে আধুনিক ডরমেটরি। পুরো একাডেমির চারপাশ সাজানো হয়েছে বর্ণিল সাজে। চারপাশে করা ভার্টিক্যাল গার্ডেন।
এই ক্রিকেট একাডেমিতে উপদেষ্টা হিসেবে থাকছেন সাকিব ও বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আন্তর্জাতিক ক্রিকেট মাঠে যে সব সুযোগ-সুবিধা থাকে, তার সবটাই থাকছে এখানে।
মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরের উদ্দেশ্য, বাংলাদেশকে ক্রিকেটের দেশে পরিণত করার। আর এই যাত্রায় অনুপ্রেরণা হয়ে সঙ্গী আছেন সাকিব।

