সিলেটে সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বাড়লো আরও
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১৬
সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এদের মধ্যে গাড়ির ভেতর তিনজন ও দুর্ঘটনাস্থলের পাশে থাকা আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে
বলে জানা যায়।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২৭), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে মাইকোচালক সুনাম আহমদ (২৬) ও গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশুপুত্র হাসান আহমদ (৮)। নিহতদের মধ্যে শিশু হাসান আহমদ দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি কলোনির বাসিন্দা।
জানা গেছে, দুর্ঘটনার পর মাইক্রোবাসের সিল্ডিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুন উড়ে গিয়ে ওই শিশুর ওপর পড়ে। শিশুটি তখন ঘরের বাইরে ছিল। দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পণ্যবাহী একটি ট্রাকের পেছনে নোহা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রো ও ট্রাকের ভেতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পার্শ্ববর্তী কলোনিতে গিয়ে পড়ে। এতে মারা যায় শিশু হাসান।

