৩০০০ স্মার্ট বোমা পাচ্ছে সৌদি আরব
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৩৮
সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্ট বোমার সম্ভাব্য বিক্রি অনুমোদন করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ক সমঝোতা চুক্তিটি ২৯০ বিলিয়ন ডলারের বলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে পেন্টাগন।
মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে আমেরিকা।
অস্ত্র বিক্রির এই প্যাকেজে তিন হাজার জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব আই (এসডিবি আই), কন্টেইনার, সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে পেন্টাগন জানিয়েছে। এ বিক্রি সৌদি আরবের দূর পাল্লার, আকাশ থেকে স্থলে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন অস্ত্রের মজুদ বৃদ্ধি করে দেশটির বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সামর্থ্যের উন্নতি ঘটাবে বলে বিবৃতিতে বলেছে পেন্টাগন।
‘এসডিবি আই’ এর আকার ও নির্ভুলতা একটি কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবে কাজ করবে এবং এতে বেসামরিক হতাহতের পরিমাণ কমবে বলে এতে মন্তব্য করা হয়েছে। অস্ত্রের সম্ভাব্য এই বিক্রির বিষয়ে মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে অবহিত করছে পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোপারেশন এজেন্সি। বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার বলে জানিয়েছে পেন্টাগন।

