থার্টিফার্স্ট নাইট: যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নিরাপত্তা বাহিনী
উত্তরদক্ষিণ | বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২০
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘থার্টিফার্স্ট নিয়ে কোনও নিরাপত্তা হুমকি নেই। তবে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।’
বুধবার (৩০ ডিসেম্বর) বিজিবি সদর দফতরে পদক প্রদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘থার্টিফার্স্টকে কেন্দ্র করে কেউ যদি কোনও অঘটন ঘটাতে চায়, আমাদের নিরাপত্তা বাহিনী তো চুপ থাকবে না। যদিও এ ধরনের কোনও হুমকির তথ্য আমাদের গোয়েন্দাদের কাছে নেই। তবুও আমরা প্রস্তুত রয়েছি।’
এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিভিন্ন কর্মকাণ্ডে ২০২০ সালের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ চারটি ক্যাটাগরিতে সর্বমোট ৫৯ জনকে পদক প্রদান করেন তিনি। পদকপ্রাপ্তদের মধ্যে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) এবং ১৯ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিজিবিএমএস) দেওয়া হয়েছে।

