পাবনায় স্বর্ণকারিগরকে হত্যা করে দোকান লুট

পাবনায় স্বর্ণকারিগরকে হত্যা করে দোকান লুট

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৫:০২

পাবনার চাটমোহরে মহরম হোসেন (২৭) নামে এক স্বর্ণের কারিগরকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন এসব তথ্য জানান।

নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তার মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন। বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়া শব্দ না পেয়ে দোকানের শাটার খুলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার গলায় মাপলার পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মহরমকে শ্বাসরোধে হত্যা করেছে। দোকানে সোনা-রুপার গহনাসহ মালামাল পাওয়া যায়নি। কী পরিমাণ মালামাল ছিল তা জানতে দোকানের মালিকের সঙ্গে কথা বলা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading