‘অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না বিএনপি’
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১৬:৩০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশকে পিছিয়ে দিতে রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না। তারা আওয়ামী লীগ সরকারের অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি ।
সরকার দেশ ধ্বংস করে দিচ্ছে বলে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি এতদিন সবকিছুতে না ছাড়া কিছুই দেখতে পেত না। এখন সবকিছুতে দেখতে পায় ধ্বংস আর ধ্বংস। সরকার নাকি গণতন্ত্র, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। আমরা বলতে চাই, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে চলছে এক সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ। চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম।”
যারা স্বাধীন স্বদেশ চায়নি, এগিয়ে যাওয়ার পথে বাধা তারাই সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, “প্রকৃতপক্ষে তারাই এখন দেশের ধ্বংস চায়, দেশকে পিছিয়ে দিতে চায়।
দেশে স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক-স্বাধীনত আছে জানিয়ে কাদের বলেন, “এজন্যই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে, পারছে অবিরাম বিষোদগার করতে। গণতন্ত্র আছে বলেই সভা-সমাবেশ করতে পারছে।”

