প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে : সায়েদুর রহমান
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২১ | আপডেট: ২১:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ও ইবিল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান বলেছেন, পুজিবাজার যখন ধ্বংসের দ্বারপ্রান্তে ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পদক্ষেপে পুজিবাজার রক্ষা পেয়েছে। তিনি বলেন, গত দু’ বছর পুঁজিবাজারে হতাশা বিরাজ করছিল। এক পর্যায়ে ধ্বস নামে। তখন প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তে বাজার ইতিবাচক হয়েছে এবং বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। এজন্য আমি প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তাকে (প্রধানমন্ত্রী) কৃতজ্ঞতা জানাতে চাই। রাজধানীর মতিঝিলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আয়োজিত র্যালির পূর্বে প্রধান অতিথীর ভাষণে বিএমবিএ সভাপতি এ কথা বলেন।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ কে এম মিজানুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সাবেক পরিচালক ও মডার্ণ সিকিউরিটিজের সিইও খুজিস্তা নূর-ই- নাহরিন মুন্নি, পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিশেষ অতিথি ডিএসই’র সাবেক পরিচালক খুজিস্তা নূর-ই- নাহরিন মুন্নি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। করোনা কালীন খারাপ সময়ে ফ্লোর প্রাইস বহাল রাখার জন্য নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী পুজিবাজারকে রক্ষা করেছেন। যার কারণে বিনিয়োগকারীরা আবার ঘুড়ে দাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মতিঝিল ভবন থেকে শুরু হয়ে মতিঝিল ও দিলখুশা প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।

