আমরা কাগুজে বাজেট দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১৮:৫৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন কোনো সংখ্যাভিত্তিক বা কাগুজে বাজেট দেখতে চাই না, যেখানে বাস্তব সুফল জনগণের কাছে পৌঁছায় না। বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে, আমরা সেই ধরনের বাজেটের পক্ষে।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত ‘ছায়া বাজেট ২০২৬-২৭’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ৭ জুন থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। বর্তমান সরকার একটি সংকটকালীন অর্থনীতি হাতে পেয়েছে। আওয়ামী লীগের রেখে যাওয়া অর্থনীতিতে খেলাপি ঋণের পরিমাণ ৩০ শতাংশেরও বেশি। বাংলাদেশের অর্থনীতি এখনো জ্বালানি আমদানিনির্ভর। প্রতিবছর জ্বালানি আমদানির জন্য ১২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করতে হয়। পাশাপাশি অপব্যবহারমূলক ক্যাপাসিটি চার্জের বোঝাও অর্থনীতিকে বহন করতে হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার যে অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তা মূলত লুটপাটনির্ভর এবং ক্যাপাসিটি চার্জনির্ভর একটি অর্থনীতি।
এনসিপির অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংস্কার। গত ১৭ বছরে ব্যাংক খাত পরিবারকেন্দ্রিক হয়ে পড়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। আমরা এমন একটি রূপরেখা দিতে চাই, যার মাধ্যমে ব্যাংক খাতকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যাবে। এটিকে ব্যবসাবান্ধব ও স্বনির্ভর খাতে পরিণত করা সম্ভব হবে।
এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরেছিল। কিন্তু সেই অবস্থান থেকে বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সরে এসেছে।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক ছায়া বাজেটে ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা করে দলটি।
এসময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা

