বাংলাদেশি অভিবাসীসহ বিদেশি কর্মী ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০১ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৩০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন। এতে বাংলাদেশিসহ বিশ্বের সকল দেশের গ্রিন কার্ডের আবেদনকারীরাসহ অস্থায়ী বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না।
বৃহস্পতিবার ট্রাম্প ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে এ পদক্ষেপ নেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন-কর্মীদের রক্ষায় এই নিষেধাজ্ঞা থাকা প্রয়োজন।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল ও জুন মাসে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। এবার নিষেধাজ্ঞার মেয়াদ এবছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল। অভিবাসন নিয়ে এটিই বিদায়ী ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। কিছু কিছু ক্ষেত্রে বিদেশি কর্মীদের ওপর ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন। তিনি এ নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর তিনি নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না তা বলেননি। যদিও ট্রাম্পের ঘোষিত নিষেধাজ্ঞা চাইলে দ্রুতই বাতিল করতে পারবেন বাইডেন।

