ইন্ডিয়ান সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় চীন
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৩৫
ইন্ডিয়া-চীন সীমান্তে গত বছরের শুরু থেকেই উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে আবারও চীন জানিয়েছে, দুই দেশের সেনা কমান্ডাররা যাতে নবম বারের মতো আলোচনায় বসতে পারেন, সেজন্য কথাবার্তা চলছে।
দুই দেশের সেনা কর্মর্তারা বৈঠকে বসেছেন আট দফা। তবে তাতে বিশেষ কোনও সুরাহা আসেনি।এই শীতেও লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে ইন্ডিয়া ও চীন।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই জানান, দুই দেশই যাতে সেনা সরিয়ে আনতে পারে, সেজন্য চেষ্টা হচ্ছে।
তার মতে, লাদাখ সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীনের সেনাবাহিনী ও কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বেইজিং। চীনের আশা, ভারতও কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা মেনে চলবে।
গত ১৮ ডিসেম্বর ইন্ডিয়া ও চীনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়। দু’পক্ষই একমত হয়, সীমান্তে মোতায়েন করা সেনা সরিয়ে আনা হবে। সেজন্য দুই দেশের সেনাবাহিনী স্তরে আলোচনা হবে শিগগিরই।
লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ১৯ ডিসেম্বর সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলের জন্য নতুন সেনা কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। লাদাখে ইন্ডিয়া সীমান্তে মোতায়েন চীনা সেনারা তারই অধীনে।

