কথা ও নৃত্যে উদ্যাপিত হলো বুলবুল চৌধুরীর জন্মদিন
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৪৭
নৃত্যাচার্য বুলবুল চৌধুরী নৃত্যে স্বশিক্ষিত ছিলেন, তাঁর সৃজনশীলতা অত্যন্ত প্রগাঢ় ও তীক্ষ্ণ ছিল। বহুমুখী প্রতিভার অধিকারী বুলবুল মনেপ্রাণে একজন সংস্কৃতিমান মানুষ ছিলেন। তিনি বিশ্বাস করতেন, শিল্পের জন্য শিল্পী নয়—মানুষের জন্য শিল্পী। জীবনের জন্য শিল্প।
১ জানুয়ারি ছিল নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জন্মবার্ষিকী। তার ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১ জানুয়ারি বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দুটি পর্ব ছিল। প্রথম পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট নৃত্যব্যক্তিত্ব ও নৃত্য পরিচালক আমানুল হক, নিগার চৌধুরী, গোলাম মোস্তফা খান, দীপা খন্দকার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক সুশান্ত কুমার সরকার। আলোচনা শেষে শুরু হয় নৃত্য পরিবেশনা।
বুলবুল চৌধুরী অত্যন্ত সমাজসচেতন মানবহিতৈষী ব্যক্তি ছিলেন। এক অন্ধকারাচ্ছন্ন, ধর্মান্ধ ও কুসংস্কারযুক্ত সময়ে এই মহান শিল্পী জন্মগ্রহণ করেন। তিনি এসব প্রতিকূলতাকে তার অদম্য সাহস, ধীশক্তি, ধৈর্য ও সহনশীলতা দিয়ে অতিক্রম করতে সক্ষম হন। তার নামানুসারে বুলবুল ললিতকলা একাডেমির নামকরণ করা হয়।

