অনুদান পাচ্ছেন কিশোরী ও নারী নির্মাতারা

অনুদান পাচ্ছেন কিশোরী ও নারী নির্মাতারা

উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৪৩

দক্ষিণ এশিয়ার নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি বইয়ের নাম‘সুলতানা’স ড্রিম’ বা ‘সুলতানার স্বপ্ন’। একই নামে একটি উদ্যোগের প্রযোজনায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ শিরোনামে নির্মিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আর তা নির্মাণ করবেন ১৫ থেকে ৩০ বছরের বাংলাদেশি নারীরা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হতে পারে যেকোনো ফিকশন, ডকুমেন্টারি, অ্যানিমেশন, কিংবা নিরীক্ষামূলক। বিষয় নারীর প্রতি যৌন সহিংসতা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ। সিনেমার দৈর্ঘ্য ৫ থেকে ৮ মিনিট। এই প্রতিযোগিতার গল্প ও প্রস্তাবনা জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারির মধ্যে। প্রস্তাবনায় ছবিটি নির্মাণের কারণ, গল্পের সারাংশ, বাজেট ও কিছু ভিজ্যুয়াল রেফারেন্স (২–৪ মিনিটের ভিডিও, ছবি, পেইন্টিং বা স্কেচ) জমা দিতে হবে।

এই আয়োজনের উদ্যোক্তা রুবাইয়াত হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এত দিন আমরা নারীদের গল্প দেখেছি পুরুষের চোখে, তার নির্মাণে। এটা নিজেদের গল্প নিজেদের বলার প্ল্যাটফর্ম। আর যে বয়সের নারীদের কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে, তাদের সঙ্গে যৌন হয়রানি আর সহিংসতার ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে। তারাই সবচেয়ে কাছ থেকে এসব ঘটনার প্রত্যক্ষদর্শী। আওয়াজ তোলার জন্য এই সুযোগ।’

৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে দুজন বিজয়ীর নাম। অনুদান প্রদানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণবিষয়ক পরামর্শ আর কারিগরি সহযোগিতাও করা হবে বিজয়ীদের। নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেশব্যাপী প্রদর্শিত হবে। এই আয়োজনের সহ–আয়োজক হিসেবে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। পরিবেশকের দায়িত্বে থাকছে গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ।
https://sultanasdream. org/ ঠিকানায় জানা যাবে বিস্তারিত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading