পুরোনো সব ছবি ডিলিট করে দিয়েছেন দীপিকা
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৫২
নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটার থেকে সবই ডিলিট করে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মুছে ফেলেছেন পুরোনো সব ছবি আর ভিডিও। রেখেছেন প্রোফাইল পিকচার আর একটি অডিও বার্তা। এভাবেই নতুন বছরকে স্বাগত জানান দীপিকা।
এই বলিউড অভিনেত্রী সবাইকে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আর জানিয়েছেন নতুন বছরের পরিকল্পনা।
কয়েক সেকেন্ডের ওই অডিও বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে দীপিকা তার নতুন পরিকল্পনার কথা শেয়ার করেন।
তিনি বলেন, ‘এ বছর আমি আমার সব ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানাব নিত্যদিনের অভিজ্ঞতাও। অডিও ডায়েরি বানাব। আপনারা এভাবেই আমাকে শুনতে পাবেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সুস্থ থাকুন। সুখে থাকুন। শরীরের সুস্থতা আর মনের প্রশান্তির চেয়ে বড় কিছু নেই।’
এই অডিও বার্তার ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘আজ ২০২১ সালের প্রথম দিন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসুন, আমরা সবকিছুর জন্য কৃতজ্ঞ হই। আপনার হৃদয় কেন কৃতজ্ঞতায় পরিপূর্ণ, জানান।’

দীপিকা এই মুহূর্তে আছেন রাজস্থানের রান্থামবোরে। স্বামী রণবীর কাপুরকে নিয়ে নতুন বছর উদ্যাপন করতে গিয়েছেন তিনি।
২০১৮ সালের শেষে রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর ২০২০ নানা বিতর্কের মধ্যে দিয়ে কেটেছে দীপিকার। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জড়িত বলিউডের মাদক যোগ মামলা যার মধ্যে অন্যতম। এর উপর করোনা পরিস্থিতি। তা ছাড়া গোটা বছরে দীপিকার ছবিও মুক্তি পেয়েছে মাত্র একটা। শুধু ‘ছপাক’।
দীপিকা পাড়ুকোনের মনের কথা শোানানোর এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনব। তবে সেই চেষ্টা ভক্তদের মন কতটা ছোঁবে সেটাই দেখার।

