আই লিগের চ্যালেঞ্জ নিচ্ছেন ফুটবল অধিনায়ক
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:০০
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া ইন্ডিয়ার আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতে আলো ছড়াতে চান। অল ইন্ডিয়া ফুটবল ফেডাশেনের সঙ্গে আলাপচারিতায় নতুন মিশন, লক্ষ্য নিয়ে নিজের ভাবনা জানান জামাল।
আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে আই লিগের নতুন মৌসুম। চাওয়া পূরণ যে মোটেও সহজ নয়, জানেন এই মিডফিল্ডারও। তবে আই লিগের চ্যালেঞ্জ জিততে প্রত্যয়ী তিনি।
তিনি বলেন, “কলকাতা মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি, সেটা আই লিগে খেলে প্রমাণ করতে হবে। কলকাতার সঙ্গে ঢাকার বড় পার্থক্য নেই। খাদ্য, ভাষাসহ সবকিছুই প্রায় এক। মোহামেডানের শিরোপার জন্য লড়ব; সবার মতো আমার প্রত্যাশাও অনেক।”
“আমাকে প্রমাণ করতে হবে মোহামেডান আমাকে নিয়ে কোনও ভুল করেনি। একজন ফুটবলার হিসেবে আপনাকে নানা রকম চাপের সম্মুখীন হতে হবে। এই ধরণের চাপ আমার জন্য অনুপ্রেরণার। যদি চাপ না থাকে তাহলে তো কোন মজাও থাকে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই।”
করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার পর সতর্কতা হিসেবে কলকাতায় গিয়ে কোয়ারেন্টিনে ছিলেন জামাল। রবিবার থেকে শুরু করবেন অনুশীলন। জানালেন সিদ্ধান্ত নিতে পরিবারের কাজ থেকে সাহায্য পাওয়ার কথাও।
“এখানে আসার আগে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ইন্ডিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে জিজ্ঞেস করেছিলাম ইন্ডিয়ায় খেলতে যাওয়ার ব্যাপারে। তিনিও বলেছিলেন-আমি হলে খেলতে যেতাম।”
ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া ১০৪তম, বাংলাদেশ ১৮৬তম। ফুটবলের সার্বিক উন্নয়নে ইন্ডিয়া সঠিক পথে আছে বলেও মনে করেন জামাল।

