নতুন বছরের শুরুতেই আমেরিকায় করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:২০
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত মোট ২ কোটি ১ লাখ ২৮ হাজার ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৭৮৭ জনের।
জেএইচইউ’র তথ্য অনুযায়ী, শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৯৯৪ জনে। এছাড়া মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮ লাখ ২৭ হাজার ১৭৬ জনে।
সিএনএন এক প্রতিবেদেনে জানিয়েছে, আমেরিকায় প্রথম ১ কোটি রোগী শনাক্ত হয়েছে ২৯২ দিনে, কিন্তু এ সংথ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে মাত্র ৫৪ দিন।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সদ্য সমাপ্ত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

