স্বেচ্ছাশ্রমে তৈরি হলো এক কিলোমিটার রাস্তা
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৯:০০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার নির্মাণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) শমশেরনগর পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে বড়চেগ উজান বিল গ্রামের ১ কি.মি রাস্তা নির্মাণে কাজ শুরু করে গ্রামবাসী।
জানা যায়, শমশেরনগর ইউনিয়নের গ্রাম বড়চেগ উজান বিলে ১০০ পরিবারের জমি রয়েছে। কিছু পরিবার বসতঘর নির্মাণ করে বাস করছে গত কয়েক বছর ধরে। এখানে একটি মক্তব ও নামাজের জন্য মসজিদ আছে। শুধুমাত্র যাতায়াত ও রাস্তার সমস্যার কারণে গ্রামটিতে বসতঘর নির্মাণ করতে পারছেন না অনেক পরিবার। এছাড়া, যারা এখানে বাস করছেন তারাও এ কারণে দারুণ ভোগান্তির শিকার হন। তাই গত কয়েক দিন ধরে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে গ্রামের কাঁচা রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন।
কয়েকজন গ্রামবাসী জানান, বড়চেগ উজান বিল গ্রামের রাস্তা নির্মাণে এক বছর আগে ১০০ পরিবারের সদস্যদের স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়। কিন্তু আজ পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাওয়া যায়নি। অবশেষে পেট্রোল পাম্পের পূর্ব দিকে শমশেরনগর-কমলগঞ্জ সড়কধারের বাড়ির মালিক নজরুল ইসলাম খানের পরামর্শ ও উৎসাহে নিজেরা কুদাল, টুকরি নিয়ে স্বেচ্ছাশ্রমে ১ কি.মি. রাস্তার উন্নয়ন কাজ শুরু করেছেন।
আমীর আলী নামের এক গ্রামবাসী জানান, রাস্তার কোন অংশ ১০ ফুট প্রস্থ আবার কোনো অংশ ১২ফুট প্রস্থ রয়েছে। সংস্কার কাজ শেষ পর্যায়ে আসলে শুক্রবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদের বড় ভাই হাজী আকমল আলী ও ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ রাস্তার কাজ পরিদর্শন করেন। এসময় তারা এ কাজে সহায়তা করার আশ্বাসও দেন।
কমলগঞ্জ উপজেলা এলজিইইড সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়া জানান, বড়চেগ উজান বিল গ্রামের রাস্তা নির্মাণের কোনো আবেদন তাদের কাছে নেই। তাই আপাতত গ্রামের রাস্তা উন্নয়নের কোনো পরিকল্পনাও নেই। তবে আগামীতে আবেদন করলে সরেজমিন তদন্তক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠালে রাস্তার নির্মাণ হতে পারে।

