মহাখালীতে কিশোরকে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ | শনিবার, ০২ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৮:৫০
রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার (২ জানুয়ারি) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, মহাখালী সাততলা বস্তিতে ড্যান্ডি খাওয়াকে কেন্দ্র করে ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসময় অন্যরা পালিয়ে গেলেও জনিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচাবাজারের সামনে আরিফসহ তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কয়েকজন কিশোর। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা ওই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

