ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, আগুন নিয়ে খেললে আমাদের উত্তর হবে কঠিন।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি দেন।
তিনি লিখেছেন, “ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইহুদিবাদী ইসরাইল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে লিখেছেন, “ট্রাম্প, আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যেকোনো খেলার কঠোর জবাব দেয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর।”
এর আগে মোহাম্মাদ জাওয়াদ জারিফ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী মার্কিন সেনাদের তৎপরতার ব্যাপারে সতর্ক করে দিয়ে এক টুইটার বার্তায় লিখেছিলেন, “ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না।”
জারিফ বলেন, “আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলা করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প ও সাঙ্গপাঙ্গরা শত শত কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে বি-৫২ বোমারু বিমান ও সাবমেরিন পাঠিয়েছে।
ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

