‘করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায়’ জামিন পেলেন মীর নাছির
উত্তরদক্ষিণ | রবিবার, ০৩ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:১০
‘করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা’ করে দুর্নীতি মামলায় কারাগারে থাকা সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মো. নাছির উদ্দিনকে জামিন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
রবিবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ এই জামিন আদেশ দেয়।
এ সময় প্রধান বিচারপতি বলেন, “করোনা পরিস্থিতি বিবেচনায় জামিন আদেশ দেওয়া হল।”
আদালতে বিএনপি নেতা মীর নাসিরের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।
প্রসঙ্গত, জরুরি অবস্থার সময় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক এই মামলা করে। ওই বছরের ৪ জুলাই বিশেষ জজ আদালতের রায়ে মীর নাসির উদ্দিনকে ১২ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

