আমেরিকা মিত্রদেশের তালিকা থেকে বাদ যেতে পারে পাকিস্তান
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:২৯
আমেরিকার অর্থনৈতিক অনুদান আগেই বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানের। এবার ন্যাটো-বহির্ভূত মিত্রদেশের তালিকা থেকেও পাকিস্তানের নাম বাদ দেওয়ার প্রস্তাব উঠল আমেরিকায়। সোমবার (৪ জানুয়ারি) হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই মর্মে বিল পেশ হয়েছে।
এই বিল অনুমোদিত হলে আমেরিকার প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা এবং মহাকাশ প্রযুক্তি থেকে বঞ্চিত হবে পাকিস্তান। অর্থাৎ, আমেরিকা থেকে কোন বাড়তি সুবিধা পাবে না তারা।
রিপাবলিকান নেতা অ্যান্ডি বিগস এই প্রস্তাব করেন। প্রস্তাবে বলা হয়, ন্যাটো বহির্ভূত মিত্র দেশের তালিকা থেকে একবার বাদ পড়লে, পাকিস্তানকে অন্য কোনও তালিকার অন্তর্ভুক্ত করাও যাবে না। তবে হক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে যদি তারা দেশের মাটি থেকে উচ্ছেদ করতে পারে এবং খোদ প্রেসিডেন্ট যদি দায়িত্ব নিয়ে তা নিশ্চিত করতে পারেন এবং সেই সংক্রান্ত পত্র দাখিল করতে পারেন, সে ক্ষেত্রে তা নিয়ে ভাবনা-চিন্তা করা যেতে পারে।
এমনকি, পাকিস্তানে নিরাপদ আশ্রয়ে থেকে আফগানিস্তানে নাশকতামূলক কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে হক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে।

