শুভমিতার নতুন গান বাংলাদেশের জন্য
উত্তরদক্ষিণ | সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৬:২৪
প্রায়শই বাংলাদেশের জন্য গান করেন ইন্ডিয়ার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা। যার বেশিরভাগই জনপ্রিয়তা পেয়েছে।
এবার শুভমিতার সঙ্গে কণ্ঠ মেলালেন ঢাকার তরুণ শিল্পী ইমরান আহমেদ। শিরোনাম ‘একজনই প্রিয়জন’। গানটির সংগীত পরিচালনা করেছেন সুমন চ্যাটার্জি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটির কথা ও সুর করেছেন ইমরান নিজেই।
রক-রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিওর কাজ চলছে এখন কলকাতার বিভিন্ন লোকেশনে। যাতে সেখানকার জনপ্রিয় মডেলদের দেখা যাবে। আর গানচিত্রটি প্রকাশ হবে শিগগিরই।
শুভমিতা বলেন, ‘গানটিকে দুই বাংলার দর্শকের জন্য নতুন বছরের উপহার হিসেবে দেখছি। ইমরান চমৎকার গান লেখেন ও সুর করেন। পাশাপাশি ভালো গায়ও।’
ইমরান বলেন, ‘শুভমিতা দিদির সঙ্গে এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে আমার ভালো লাগছে। কলকাতার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হচ্ছে এখন। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

