বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ
উত্তরদক্ষিণ| মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫
বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৭৩তম স্থান থেকে ৮ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া ফ্লোর মিলনায়তনে সাইবার সিকিউরিটি বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা অর্জনের লক্ষ্যে আয়োজিত “জাতীয় সাইবার ড্রিল-২০২০” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশকে বিশ্বের সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডিং হাব হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তরুণ মেধাবীদের সেভাবে তৈরি করা হবে।
পলক দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিতে আইসিটি বিভাগ কাজ করছে। তিনি বলেন, দেশের ব্যাংকিং, হেলথ, সিভিল এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে এক হাজার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তৈরি করা হবে। এর মাধ্যমে সাইবার সিকিউরিটিতে বাংলাদেশের মেধাবী সাইবার নিরাপত্তা কর্মীরা বিশ্বে অবদান রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে বসেই বিপুল বৈদেশিক মুদ্রা আয় করবে। তিনি বলেন, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অবদান রাখার মতো আগামীতে বিশ্বকে সাইবার ঝুঁকিমুক্ত রাখবে বাংলাদেশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট “ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০” উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

