পি কে হালদারকে ধরতে ইন্টারপোলে চিঠি
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১৬:৪৫
প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে ধরতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ এ চিঠি দিয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত বছর ক্যাসিনোবিরোধী অভিযানের পর পরই পি কে হালদারের নাম বেরিয়ে আসে। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে দুদক তার জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২৯৫ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি পায়। পরে এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। কিন্তু পি কে হালদার বিদেশে পালিয়ে যান। একইসঙ্গে তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠে।
এ ব্যাপারে পুলিশ জানায়, সোমবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের আন্তর্জাতিক সংস্থার কাছে তার অবস্থান, কীভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়, একই সঙ্গে তার ছবি ও অন্যান্য তথ্য দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

