ইন্ডিয়া সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ০৮:৩৫
ইন্ডিয়া সফর বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি মাসের শেষ দিকে বরিস জনসনের ভারত সফর করার কথা ছিল। মঙ্গলবার (৫ জানুয়ারি) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এ কথা ঘোষণা করেছেন।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন এবং তিনি চলতি মাসের শেষ দিকে ভারত সফরে যেতে পারছে না বলে দুঃখ প্রকাশ করেছেন।
ব্রিটিশ মুখপাত্র জানান, ব্রিটেনে যে লকডাউন শুরু হয়েছে ব্রিটেনে তার কী প্রভাব পড়ে এবং নতুন ধরনের করোনাভাইরাস কতটা বিস্তার লাভ করে এবং লকডাউনে জনগণ কিভাবে সাড়া দেয় এ সমস্ত বিষয় দেখভাল করার জন্যই বরিস জনসন ভারত সফর বাতিল করেছেন। তিনি লকডাউনের সময় দেশে থাকাটাই বেশি জরুরি মনে করছেন।
সম্প্রতি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ প্রেক্ষাপটে নতুন বাজার খোঁজার চেষ্টা করছেন। এজন্য গত মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল যে, দ্বিপক্ষীয় বাণিজ্যের মিত্র খুঁজে বের করার জন্য বরিস জনসন জানুয়ারি মাসের শেষ দিকে ইন্ডিয়া সফরে যাবেন।

