‘গুলশানের চামেলি’ রূপে চমক দিচ্ছেন মধুমিতা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১২:৪০
অবশেষে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে তাঁর কাজের গুঞ্জন থাকলেও এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে।
যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মধুমিতা। তিনি জানান, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে কাজের ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে।

বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মধুমিতা বলেন, তিনি নতুন এই যাত্রা নিয়ে খুবই রোমাঞ্চিত এবং শিগগিরই ঢাকায় এসে শুটিংয়ে অংশ নেবেন।
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান মধুমিতা। এরপর ‘কেয়ার করি না’ ও ‘চিনি’সহ বিভিন্ন কাজের মাধ্যমে দুই বাংলাতেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এবার ‘গুলশানের চামেলি’র মাধ্যমে ঢালিউডে তাঁর অভিষেক কেমন হয়, সেদিকেই নজর থাকবে দর্শকদের।
ইউডি/রেজা

