জলের গানের নতুন গান ‘ঢাকানামা’

জলের গানের নতুন গান ‘ঢাকানামা’

উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৪:৩০

থিয়েটার আর গানের মানুষ রাহুল আনন্দ । এ শহরের চারুকলা, কিংবা সেগুনবাগিচার শিল্পকলা অথবা কোনও এক কানাগলি- তাকে ভীষণ টানে, সেটা গানেও। তাই তো এ শহরকে নিয়ে সুর বুনেছেন নতুন গানে। নাম ‘ঢাকানামা’।
গানটি লিখেছেন জলের গানের শিল্পী ও সংগীতায়োজক রাহুল আনন্দ।

ব্যান্ড জলের গানের অন্যতম এই গায়ক-গীতিকবি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে, এই শহরটা নিয়ে গান করার। এ শহর, পথ, গলি, চারুকলা, ঢাকা ভার্সিটি- আমার ভীষণ প্রিয়। আমি যখন এ শহর ছেড়ে বিদেশে যাই, খুব মিস করি। যখন প্লেনে করে ফিরি তখন এ শহরটাকে উপর থেকে দেখব বলে শেষের পথটা আমি ঘুমাতে পারি না। এ শহর তো আমার জীবন থেকে বাদ দিতে পারবো না। সেটাকে নিয়েই গাইতে চেয়েছি’।

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে ফেসবুকে তাৎক্ষণিকভাবে প্রকাশ করেছেন এটি।

গত ২ জানুয়ারি জলের গানের ফেসবুক পেজে এটি অবমুক্ত হয়। যেখানে উঠে এসেছে মশারির সংসার থেকে বুড়িগঙ্গা অবধি।

যার প্রথম কয়েকটি বাক্য এমন- ‘‘অচেনা রাস্তায়- তিনচাকা রিক্সায়/ বিপরীতমুখী চেনা মুখ/ ইট কাঠ পাথরে- উঁকি মারে অন্দরে/ ‘ভালোবাসা’ নামের অসুখ।’’

আবার শেষের দিকে উঠে এসেছে কিছু চরিত্রও। যেমন- ‘স্লোগান কবিতা দ্রোহে-সময়ের দাবি উড়ে/ পোষ্টার বিলবোর্ডে-রাতজাগা প্রেম করে/ ময়ূরী আর মারজুক।’

গানটির গীতিকার রাহুল বললেন, ‘আমি মূলত এ শহরটি ধরতে চেয়েছি। কাওয়ালি আমাদের ঢাকাই সংস্কৃতির বড় অংশ। সেই ঢংয়েই গানটি গাওয়া। আর যে নামটি এসেছে সেটা কবি মারজুক রাসেলও হতে পারে বা কোনও চরিত্রও হতে পারে। সেখানে মূলত অভিনয়ের কথা বলা হয়েছে। তাই অপর নামটি নায়িকা ময়ূরীরও হতে পারে বা এ নগরীর কোনও এক নারীও হতে পারে। একটা সময় তো সিনেমার পোস্টারে ঢাকা ঢেকে যেত। সেই পোস্টারের কথাই বলা হয়েছে।’

জানান, নববর্ষকে স্বাগত জানাতেই একবিকেলের করা একটা লাইভ রেকর্ডিং ছিল গানটি। শিগগিরই নতুন আঙ্গিকে ভিডিও করে এটি অবমুক্ত হবে।

দলটির বর্তমান লাইনআপে রয়েছেন- রাহুল আনন্দ, রানা সরোয়ার, এ বি এস জেম, মাসুম মিয়া, দীপ রায়, মল্লিক ঐশ্বর্য, গোপী দেবনাথ ও ডি এইচ শুভ্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading