করোনার মধ্যেও হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় টার্গেট ছাড়িয়ে গেল
উত্তরদক্ষিণ | বুধবার, ০৬ জানুয়ারী, ২০২১ | আপডেট: ১৫:৪৫
২০২০-২১ অর্থবছরের গত ৬ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা ছিলো ১৩২ কোটি ৮৮ লাখ টাকা।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।
ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, ২০২০-২১ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এবন্দর থেকে সর্বমোট রাজস্ব আদায় হয়েছে ১৫২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা। লক্ষ্যমাত্রা ছিলো ১৩২ কোটি ৮৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে ৬ মাসে বন্দর থেকে প্রায় ২০ কোটি (১৫%) রাজস্ব বেশি আদায় হয়েছে। গত অর্থবছরে একই সময় এ বন্দরে রাজস্ব আদায় ছিলো ৮৮ কোটি ৯৭ লাখ টাকা।
ডেপুটি কমিশনার আরও জানান, ডিসেম্বর মাসে হিলি বন্দরে পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২১৭ মেট্রিকটন। আর তা থেকে রাজস্ব এসেছে ১২ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬১৩ টাকা। ডিসেম্বরে মোট রাজস্ব আদায় হয়েছে ২২ কোটি ২১ লাখ ১ হাজার ৫৬৮ টাকা। হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান হিলি কাস্টমসের এই কর্মকর্তা।

